- কম্পিউটার প্রোগ্রাম কি ?
এই প্রশ্নটা প্রোগ্রামিং শিখতে আসা প্রতিটা শিক্ষার্থীর মনেই জন্মায়। প্রোগ্রামিং শেখার আগে আপনার মনে হতে পারে এটা খুব কঠিন কিছু। কিন্তু আসলে তেমনটি নয়। প্রচুর অনুশীলন, অধ্যবসায় আর ধৈর্য্যের দ্বারাই আপনি এই ভয় কাটাতে পারবেন।
প্রোগ্রামিং শিখতে আসলে তিনটি জিনিসের প্রয়োজন।
১। সময়।
২। ধৈর্য।
৩। কম্পিউটার (ইন্টারনেট সংযোগ থাকলে ভালো হয়)।
তো এখন কথা হল প্রোগ্রামিং জিনিসটা কি? তবে তার ও আগে আমাদের জানা উচিৎ যে প্রোগ্রাম বা কম্পিউটার প্রোগ্রাম কি? তাই নয় কি!
প্রোগ্রাম কি তা জানার আগে আমরা নিচের উদাহরণটি লক্ষ্য করি।
ধরুন, আজ আপনার বন্ধু শামীমের জন্মদিন। আপনি তাকে একটি উপহার দিত চান। কিন্তু ব্যস্ততার কারণে আপনি সেখানে সরাসরি গিয়ে উপস্থিত হতে পারছেন না। আপনি আপনার কেরাণী মামুনকে বলে দিলেন আপনার উপহারটি আপনার নামে বলে দিয়ে বন্ধুর বাসায় পৌঁছিয়ে দিয়ে আসতে। এ কাজটি করার জন্য আপনি আপনার কেরাণীকে কিছু objects দিলেন।
সেগুলো হল :
১। আপনি বন্ধুকে যে উপহারটি দিতে চান সেটি।
২। উপহার মোড়ানো কাগজ এবং
৩। একটি সংক্ষিপ্ত নোট , যাতে আপনার বন্ধুর বাসার ঠিকানা লেখা আছে।তো আপনার কেরাণীকে তিনটি objects দেওয়া হল। এগুলো ব্যবহার করার মাধ্যমেই তাকে উপহার পৌঁছে দেওয়ার কাজটি করতে হবে। সে এবার ভাবতে লাগল কীভাবে কাজটি শুরু করা যায়। ভেবে ভেবে সে কীভাবে উপহারটি পৌঁছে দিবে তার ধাপগুলো ঠিক করল।
ধাপ ১ : সবার আগে মামুন উপহারটি নির্দিষ্ট করবে, যেটি আপনি তাকে দিয়েছিলেন।
ধাপ ২ : এইবার সে কাগজ দিয়ে উপহারটি মুড়িয়ে নিবে।
ধাপ ৩ : একটি ছোট নোটে সে আপনার নাম ও শুভেচ্ছা বার্তাটি লিখে উপহারের গায়ে এঁটে দিবে।
ধাপ ৪ : এবার আপনি তাকে সংক্ষিপ্ত নোটে যে ঠিকানাটি দিয়েছিলেন সেই ঠিকানা অনুসারে সে আপনার বন্ধুর বাসায় গিয়ে ঠিকানাটি পৌঁছে দিবে।
মোটামোটি এই হল কয়েকটি ধাপ যেগুলো ব্যবহার করে আপনার কেরাণী মামুন আপনার দেওয়া উপহারটি আপনার বন্ধুর বাসায় পৌঁছে দিতে পারে।
একটু খেয়াল করলে বুঝতে পারবেন প্রতিটা ধাপেই কিছু না কিছু নির্দেশনা ছিল। যে নির্দেশনাগুলো পর্যায়ক্রমে পার করে অবশেষে মামুন উপহারটি পৌঁছে দিতে পেরেছেন।
সত্যি কথা বলতে কম্পিউটার প্রোগ্রাম ও হল ঠিক তাই। একে বলা চলে কতকগুলো নির্দেশনার সমষ্টি। নির্দেশনাগুলো এভাবেই আপনাকে ধাপে ধাপে সম্পন্ন করতে হবে। সবগুলো ধাপ শেষ হলে প্রোগ্রামটিও শেষ হবে এবং আপনি একটি কাঙ্খিত আউটপুট পাবেন যদি আপনার প্রোগ্রামে কোন ভুল না থাকে।
ছোটবেলায় চাচা চৌধুরীর কমিক্সে পড়েছিলেন হয়ত , চাচা চৌধুরীর মস্তিষ্ক কম্পিউটারের চেয়েও প্রখর । একটু ভাবলে বুঝতে পারবেন আপনার মস্তিষ্কও কিন্তু কম্পিউটারের চেয়ে প্রখর। আসল কথা হল কম্পিউটারের তো কোন বুদ্ধিই নেই। কম্পিউটার তাই করে যা তাকে নির্দেশ দেওয়া হয়। মূলত এই নির্দেশনাই হল প্রোগ্রাম। আর প্রোগ্রাম করার এই কাজটাকে বলা হয় প্রোগ্রামিং।
প্রোগ্রামিং করে আপনি কম্পিউটারকে ব্যস্ত রাখতে পারেন নানান কাজে। অনেক গাণিতীক সমস্যার ও সমাধান করতে পারেন, গেইম বানাতে পারেন, নতুন সফটওয়্যার বানাতে পারেন, আরো অনেক কিছুই করতে পারেন।
মোটকথা প্রোগ্রামিং করে আপনি আরেকটি নতুন পৃথিবী তৈরী করতে পারেন যদি আপনার মাঝে ধৈর্য, প্রবল ইচ্ছা আর সৃজনশীলতা থাকে।
প্রোগ্রামিং শুরু করার আগে অনেকে জানতে চান কোন ল্যাঙ্গুয়েজ দিয়ে শুরু করব। ল্যাঙ্গুয়েজ নিয়ে আমরা পরবর্তী ব্লগে আলোচনা করব। তবে বলে রাখি আপনি যদি প্রোগ্রামার হতে চান তবে সি (C) প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে শুরু করাটাই শ্রেয় মনে করি । তবে আপনার যদি প্রোগ্রাম নিয়ে মজা করার উদ্দেশ্য থাকে কিংবা শখের বশে প্রোগ্রামিং শিখতে চান তবে পাইথন (Python) ও শিখতে পারেন। আর আপনার ওয়েব নিয়ে কাজ করার আগ্রহ থাকলে এইচটিএমএল (HTML), সিএসএস (CSS) কিংবা জাভাস্ক্রিপ্ট (Javascript) সম্পর্কে ধারণা নিতে পারেন।
আজ তাহলে এই পর্যন্তই। ভাল থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ সবাইকে।
হ্যাপি কোডিং। :-)